সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:০৩  
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সিএনজি দুর্ঘটনায় আহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মারা গেছেন। নিহতের প্রথম জানাজার নামাজ আজ (সোমবার) বাদ যোহর পাঁচলাইশস্থ চসিক সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসার সামনে অনুষ্ঠিত হয়েছে। বাদ এশা দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি বাঁশখালিতে অনুষ্ঠিত হবে। এরআগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওই শিক্ষার্থীর নাম তাহমিদ চৌধুরী। তিনি কম্পিউটার প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। মেধাবী শিক্ষার্থী তাহমিদুল ইসলাম চৌধুরীর অকাল মৃত্যুর সংবাদে বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ উপপরিচালক হুমায়ুন কবির। গত শনিবার সন্ধ্যা ৭টায় তাহমিদ ও তার তিন বন্ধু মর্মান্তিক এক সিএনজি দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলে ফয়সাল রিদোয়ান কবির নামক একজনের মৃত্যু হয়। তাহমিদসহ তার বাকি দুই আহত বন্ধুকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। গত দুইদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকাল ৯টায় তাহমিদ মৃত্যুবরণ করেন।